ঝুঁকিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল! ট্রাম্পের শুল্ক নীতি কি রুখতে পারবে ধোঁয়া?

অনলাইন ডেস্ক
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য কানাডার বন ব্যবস্থাপনাকে দায়ী করে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় যুক্তরাষ্ট্রে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস ছড়িয়ে পড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে, তা বিবেচনায় নিয়ে কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্ক আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন।

বর্তমানে কানাডায় ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ওন্টারিও প্রদেশেই প্রায় ২০০টি দাবানল জ্বলছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৮১টি আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং অন্তত ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে নিউ জার্সিতেও বায়ুর মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে ঘিরেও শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ ও খরাই উত্তর আমেরিকায় দাবানল বৃদ্ধির অন্যতম কারণ। তবে ট্রাম্প বরাবরই এমন দুর্যোগের জন্য বন ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করে আসছেন।

এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের ধোঁয়ার স্বাস্থ্যগত প্রভাব নিয়ে গবেষণাকারী বিভিন্ন ল্যাবরেটরির অর্থায়ন ট্রাম্প প্রশাসন কমিয়ে দিয়েছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights