টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত; ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
অনলাইন ডেস্কx
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে দুর্ঘটনার ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়।
এদিকে, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ব্রড গেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত ১ কিলোমিটার এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
এদিকে, ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
