টিসিবির জন্য কেনা হবে সাড়ে ৬১ কোটি টাকার মসুর ডাল

অনলাইন ডেস্ক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬১ কোটি ৭৪ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ১০২ টাকা ৯০ পয়সা।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৫০ কেজির বস্তায় এই মসুর ডাল কেনা হবে নাবিল নাবা ফুডস প্রডাক্টস লিমিটেডের কাছে থেকে। এতে মোট ব্যয় হবে ৬১ কোটি ৭৪ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০২ টাকা ৯০ পয়সা। আগের মূল্য ছিল ১০২ টাকা ৭৫ পয়সা।

এর আগে, গত ৩ এপ্রিল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ১০২ কোটি ৭৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। প্রতি কেজি ডালের দাম ধরা হয় ১০২ টাকা ৭৫ পয়সা। দেশীয় প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা থেকে পাঁচ হাজার টন ও নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে পাঁচ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights