টেকনাফে জি-থ্রি রাইফেল ও গুলিসহ অস্ত্র পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে জি-থ্রি রাইফেল ও গুলিসহ এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

আটককৃত শহিদ (৩৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।
লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, টেকনাফের সাবরাংয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সক্রিয় থাকার তথ্য কোস্টগার্ডের কাছে ছিল। চক্রটি পাচার করে আনা অস্ত্র বিভিন্ন ডাকাতদলের কাছে সরবরাহ করতো। শনিবার ভোর রাতে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান এক ব্যক্তির বাড়িতে মজুদের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। এসময় বসতঘরটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি একটি জি-৩ রাইফেল, ৮টি গুলি ও একটি দা পাওয়া যায়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তিনি সংঘবদ্ধ অস্ত্র ও মাদক পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ সীমান্ত দিয়ে চোরাচালানের নানা অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights