টেকনাফে ৭ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগর পথে মিয়ানমার হতে পাচার হয়ে আসা বস্তা ভর্তি ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। বুধবার (০৯ আগস্ট) ভোরে টেকনাফ সদর ইউপি মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে টেকনাফ সদর ইউপি মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড’র একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এরপর ভোরে একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে পৌঁছে ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। ফিশিং বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামানোর জন্য সংকেত দেয়।

তিনি আরও জানান, এসময় ওই ৪ ব্যক্তি কোস্টগার্ড’র উপস্থিতি টের পেয়ে বস্তা গুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরে কারবারীদের ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে সাত লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার চালানটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights