টেকনাফে ৭ স্থানীয়কে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা পাহাড় থেকে সাতজন স্থানীয়কে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মছিউর বলেন, জাহাজপুরা পাহাড়ে এলাকার ৯ ব্যক্তি তাদের বিভিন্ন কাজে যান। এসময় অপহরণকারীরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।
অপহৃতরা হলেন-জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১১), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম (৪৫)।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা রিফাত বলেন, পাহাড়ের খাদে গরু চরানোর সময় চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাতজনকে লাঠি দিয়ে মারতে মারতে গহীন পাহাড়ের ভেতর নিয়ে যায়। এসময় আমরা পালিয়ে রক্ষা পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights