ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ঘটনাটি ঘটে। সাইফুল নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। পরিবারে তার স্ত্রী ও তিনটি মেয়ে রয়েছে।

গেটম্যান শাহাদাত হোসেন জানান, চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল রকেট মেইল ট্রেন। দুপুর ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights