ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ছয় প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এছাড়া ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়ায় ছয়জনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার পথ আপাতত উন্মুক্ত হলো।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। এরপর ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটগ্রহণের জন্য ১৮৫টি ভোটকেন্দ্রে ৯৮৯টি বুথ নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনসহ ছয়জন মনোনয়নপত্র জমা দেন।
