ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ৪৮ সংগঠনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং সাংবাদিকতা পেশায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ৪৮টি সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

একইসাথে শর্তহীনভাবে এসব শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই সাংবাদিক সংগঠনের নেতারা।

এদিকে, এ ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা চর্চার অনুকূল পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, ডিআইইউ প্রশাসন নিজেদের অন্যায়-অপকর্ম ধামাচাপা দিতে স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, ২০২০ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে ডিআইইউ সাংবাদিক সমিতি। অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থী হয়রানির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংগঠনের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে এর আগেও বেশ কয়েকবার সমিতি বন্ধের পাঁয়তারা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ (বুধবার) সমিতির নতুন কমিটি গঠনের পর এর কার্যক্রম বন্ধের নির্দেশ ও সংশ্লিষ্ট ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ডিআইইউ প্রশাসন। সাংবাদিক সমিতির মতো একটি পেশাজীবী সংগঠন তৈরির কারণে শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও নজিরবিহীন। এ ঘটনা দেশের সাংবাদিকতার ইতিহাসে অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি করেছে।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সমিতির বন্ধের নির্দেশ এবং শিক্ষার্থী বহিষ্কারের মধ্যদিয়ে ডিআইইউ প্রশাসন ক্যাম্পাসকে চূড়ান্তভাবে সাংবাদিক শূন্য করে অন্যায়-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করি।

সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন এবং ক্যাম্পাসে সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন। অন্যথায় দেশের সকল সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, আমরা শুধু শর্তহীন বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য নয় বরং ক্যাম্পাসে সাংবাদিকতার সঠিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অবিলম্বে এই বহিষ্কারাদেশ শর্তহীনভাবে প্রত্যাহার করা না হলে দেশের সকল সাংবাদিক সংগঠন নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিকতায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দেওয়া সংগঠনের মধ্যে রয়েছে-এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক ৪৮ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights