ডিএমপির অভিযানে ২০ দিনে গ্রেফতার ১৫৩৭

অনলাইন ডেস্ক

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলতি জুন মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাসের প্রথম ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে। এর মধ্যে একজন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকাভুক্ত নন। এছাড়া নগরীর নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ২০ দিনে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ে তুলতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights