ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আজ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights