ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু জুন মাসে : বিমান প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।
বিমান প্রতিমন্ত্রী বলেন, টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল। অন্তর্বর্তী সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও এটা লাভজনক একটা জার্নি ছিল। কিন্তু সেটাকে কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সে বিষয়টা আর না বলি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন? তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটি নাই বা বর্ণনা করলাম। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা ঢাকা টু টোকিও চালু হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে কতটি স্লট দেওয়া যায় এটা নিয়ে চিন্তা করব। এ রুটে ফ্লাইট চলাচল প্রফিটেবল হলে আমরা হয়তো পর্যায়ক্রমে বাড়াব।
হজ ফ্লাইটের বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ফ্লাইট নিয়মিত চলছে এবং সেটি ৩০ মে থেকে আবার রিটার্ন শুরু হবে। তখন রিটার্নগুলো শুরু হলে আমাদের এবার তো বিমান দিয়েই করলাম সব ইনশাআল্লাহ। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলো নতুন বিমান। আমরা লিজ নেওয়ার চেষ্টা করছি, সে বিষয়েও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি; কীভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ, ড্রাফট করে দিয়েছিল। সেখান থেকে আমাদের ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ১৪টি বোয়িং কিনবে। আমরা ইতোমধ্যেই কথা বলছি। আমরা খুব ইমিডিয়েটলি হয়তো দুই-তিন মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটাবল করার জন্য চেষ্টা করছি। ইতোমধ্যে দুই মাসে আমরা চেষ্টা করে কিছুটা প্রফিটের দিকে চলে গিয়েছি। কিন্তু একটা উল্লেখজনকভাবে যাতে আমরা আপনাদের বলতে পারি, যে বিমান লস করছে না।
