তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর হাতে কী কী ক্ষমতা আছে?
অনলাইন ডেস্ক
ইসরায়েলের জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনও পক্ষের হাতেই না থাকায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন। ফলে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও রাষ্ট্রের নির্বাহী বিভাগ, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেতানিয়াহুর হাতেই রয়েছে। তবে এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংযম ও সতর্কতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।
ইসরায়েলের মৌলিক আইন ‘বেসিক ল: দ্য গভর্নমেন্ট’-এর ৩০ নম্বর অনুচ্ছেদে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার বিধান রয়েছে। অর্থাৎ নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বর্তমান সরকারই রাষ্ট্র পরিচালনা করবে।
নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা সামরিক ও নিরাপত্তা খাতে। তিনি সামরিক বাহিনীর শীর্ষ পদে নিয়োগ এবং নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তবে নতুন যুদ্ধ শুরু করতে হলে ৪০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এককভাবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিতে পারেন না তিনি।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করতে পারেন। বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভায় আইজেনকট ও তার জোটের প্রতিনিধিরা না থাকায় গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুর প্রভাবও বেশি থাকবে।
অন্যদিকে, নতুন আইন প্রণয়ন ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণের ক্ষেত্রে তার ক্ষমতা কার্যত সীমিত। বিশেষ করে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা পেতে নতুন আইন প্রণয়নের সুযোগ তার নেই। তবে বাজেট ও আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী সরকারের ওপর চাপ তৈরির সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
বিশ্লেষক এহাব জাবারিনের মতে, নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারালেও প্রধানমন্ত্রিত্ব হারাননি। বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকায় তাকে ক্ষমতা থেকে সরানোর মতো সমঝোতাও এখনও গড়ে ওঠেনি।
যুক্তরাজ্য ও ভারতের মতো সংসদীয় গণতন্ত্রেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীরা আইনগতভাবে পূর্ণ নির্বাহী ক্ষমতা ভোগ করেন। তবে সাংবিধানিক রীতি অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত এড়িয়ে চলার প্রত্যাশা থাকে তাদের কাছে। সূত্র: আল-জাজিরা
