তথ্য গোপনের অভিযোগে কাজী রহিমা পারভীন ইতিকে বহিষ্কার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর
সদর উপজেলা শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে কাজী রহিমা পারভীন ইতিকে
বহিষ্কার করেছে দিনাজপুর জেলা কমিটি। এই সিদ্ধান্তের বিষয়টি ১১ ফেব্রুয়ারি ২০২৫
তারিখে জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা এবং সাধারণ সম্পাদক শাহিন সুলতানা
বিউটির স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য গোপনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী রহিমা পারভীন
ইতিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২ অক্টোবর
বাংলাদেশ আওয়ামী লীগ ১নং চেহেলগাজী ইউনিয়ন শাখা, দিনাজপুরের প্যাডে প্রকাশিত
একটি কমিটির তালিকায় কাজী রহিমা পারভীন ইতির নাম তথ্য গবেষণা সম্পাদক হিসেবে
অন্তর্ভুক্ত ছিল।
এই বিষয়ে দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক
কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি বলেন, কাজী রহিমা পারভীন ইতি জাতীয়তাবাদী মহিলা দল
করতেন, কিন্তু আমাদের কাছে তথ্য গোপন করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দলের কমিটিতে
যোগদান দিয়েছিলেন। বিষয়টি আমাদের নজরে এলে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, সদর উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটিতে যদি আরও কেউ এ ধরনের তথ্য
গোপন করে থেকে থাকে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কাজী রহিমা পারভীন ইতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
