তরুণদের হাতে লাল-সবুজের পতাকা দেখতে চাই : হুইপ বকুল

অনলাইন ডেস্ক
খুলনার তরুণদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের কথা তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এ দেশের তরুণ সমাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে যুবকরা সুশিক্ষিত, মানবিক গুণসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ হবে এবং মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় ওড়াবে।

শনিবার সকালে জেলায় সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, আমরা খুলনার তরুণদের হাতে মাদকের মরণ-বিষ নয়, স্বপ্নের বিজয় পতাকা দেখতে চাই। তরুণদের চোখে আমরা হতাশা নয়, আগামীর আলোকিত বাংলাদেশের সম্ভাবনা দেখতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের এই আয়োজন কোনো সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি মাদক ও হতাশার বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক আন্দোলন। বর্তমান সময়ে যখন নানা অপশক্তি যুবসমাজকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তখন খেলাধুলাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার গলি থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে।

তিনি আরও বলেন, খুলনা বিভাগীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে তরুণদের জন্য প্রতিটি উপজেলায় খেলার মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সকল অভিভাবক ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের মাঠমুখী করি, যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights