তাসকিনের টেস্ট খেলতে না চাওয়া নিয়ে যা বলল বিসিবি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে পাওয়া চোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে যান তাসকিন আহমেদ। এরপর জাতীয় দলের হয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই ডানহাতি পেসার।

চলমান বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরা তাসকিন ‘চাপ কমাতে’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান না বলে জানা গেছে।

শনিবার মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি খোলাসা করেন।
তিনি বলেন, ‘তাসকিনের কাঁধের চোট তো আছে। অইখানে একটা টিয়ার (চিড়) আছে। সেটা নিয়ে রক্ষণাত্মক চিকিৎসায় গিয়ে তাকে যতটুকু খেলানো যায় আমরা সেটা করছি। অইভাবেই তাকে খেলানো হচ্ছে। আমরা আগেও এটা করেছি। বিশ্রাম দিয়েছি। যেহেতু এই বছর বিশ্বকাপ আছে তা মাথায় রেখে সে আমাদের চিঠি দিয়েছে, যেহেতু অন্য খেলাও আছে সাদা বলের ফরম্যাটে বিশ্বকাপের আগে সে চাচ্ছে না এই (শ্রীলঙ্কা) সিরিজে টেস্ট খেলতে।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

উল্লেখ্য, বিপিএল শেষ হলে বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। এজন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights