তিন বছরে তিনবার জাতীয় সাহিত্য অলিম্পিয়াডে পুরস্কৃত ভিক্টোরিয়ার তাসনিম
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৬-এ কবিতা লিখন বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম আক্তার মীম। এ নিয়ে টানা তিন বছরে ভিন্ন ভিন্ন বিভাগে জাতীয় পর্যায়ে তিনটি পুরস্কার পেলেন তিনি।
তাসনিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে ২০২৫ সালে জাতীয় সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াডের চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান এবং ২০২৩ সালে কবিতা আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি তরুণ কবি হিসেবেও তাসনিমের পরিচিতি রয়েছে। ২০২৩ সালের অমর একুশে বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ ‘শতকাব্য’-এ তার লেখা প্রকাশিত হয়। এছাড়া তার একক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শব্দের প্রতিবিম্ব, সুখ দুঃখের সারাংশ ও শুভ্রতার ছোঁয়া।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ভিক্টোরিয়া কলেজের দ্বিমাসিক মুখপত্র ‘ক্যাম্পাস বার্তা’র প্রশিক্ষণ সম্পাদক, কুমিল্লা কবি পরিষদের আবৃত্তি সম্পাদকসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করছেন।
তাসনিম আক্তার মীম বলেন, ‘টানা তিন বছর জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন বিভাগে অংশ নিয়ে নিজের সৃজনশীলতা তুলে ধরতে পারা অত্যন্ত আনন্দের। প্রতিটি ধাপেই নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ পেয়েছি।’
