তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতির শাবক উদ্ধার, মায়ের কাছে ফিরিয়ে দিলেন জেলেরা
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি হাতির শাবককে উদ্ধার করেছেন স্থানীয় জেলে ও বনকর্মীরা। তিস্তার গজলডোবা এলাকার কাছে শাবকটিকে ভেসে যেতে দেখে দ্রুত নৌকা নিয়ে নদীতে নামেন কয়েকজন জেলে। পরে প্রায় ৩ কিলোমিটার নৌকা চালিয়ে শাবকটি উদ্ধার করেন তারা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, তিস্তার ঘোলা পানিতে প্রথমে শাবকটিকে ভেসে যেতে দেখা যায়। প্রবল স্রোতের কারণে শাবকটি কখনো পানিতে তলিয়ে যাচ্ছিল, আবার কখনো শুঁড় ও মাথা উঁচু করে ভেসে উঠছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জেলেরা নৌকা নিয়ে মাঝনদীতে এগিয়ে যান। পরে গজলডোবার ১২ নম্বর এলাকার কাছ থেকে শাবকটিকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসা হয়।
বন দপ্তরের এক কর্মী জানিয়েছেন, “নদী পারাপার করতে গিয়ে দলের থেকে বেরিয়ে গিয়েছিল হস্তিশাবক। শেষে নদীর স্রোতে পানিতে ভেসে যায় সে। পরে জেলেরা উদ্ধারের চেষ্টা করলেও শুরুতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেকটাই বেগ পেতে হয় তাদের। পড়ে অবশ্য তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শাবকটি সুস্থ আছে।”
স্থানীয় জেলেদের পাশাপাশি ঘটনাস্থলে হাতির শাবককে বাঁচাতে কাজ করেছে বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। এরপর জেলে ও বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর উদ্ধার করে সরস্বতীপুর ফরেস্ট সংলগ্ন তীরের দিকে নিয়ে আসা হয়। কিনারে পৌঁছনোর পর শাবকটি নিজেই পানিতে থেকে উঠে কাঠামবাড়ির জঙ্গলের পথ ধরে।
এদিকে, সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মা হাতি। শেষে নিজের সন্তানকে দেখতে পেয়ে ছুটে আসে মা এবং আনন্দের গর্জন করতে করতে নিজের সন্তানকে আগলে ধরে রাখে সে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমত ভাইরাল হয়ে যায়। এতে উদ্ধার করা হাতির শাবক ও পরে তার মায়ের কাছে ফিরে যাওয়ার দৃশ্য দেখা যায়।
সূত্র : এনডিটিভি।
