থানার মূল ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন পালন, ভিডিও ভাইরাল

বগুড়া প্রতিনিধি

অনেকটাই গোপন রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে থানায় পালন করা হয় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের ছেলের জন্মদিন। থানার মূল ফটক বন্ধ রেখে এমন আয়োজন করা হয়।

বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও সেটি আর গোপন থাকেনি। অবশেষে জন্মদিন পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শেরপুর থানায় এমন ঘটনা ঘটে।

এদিকে, থানার ভেতরে জন্মদিনের অনুষ্ঠানের কথা স্বীকার করলেও সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন ওসি (তদন্ত) জয়নুল আবেদীন।

জানা যায়, মঙ্গলবার রাতে ছেলের জন্মদিন উপলক্ষে থানার ভেতরে জমজমাট আয়োজনের মাধ্যমে জন্মদিন উৎসব উদযাপন করেন ওসি এস এম মঈনুদ্দীন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ থানার ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে সেবা না পেয়ে তারা ফিরে যান। এ ছাড়া জন্মদিনের অনুষ্ঠান চলাকালে ওসির কক্ষে ফ্যান-বাতি জ্বলতে দেখা যায়। পাশাপাশি থানার অন্যান্য কর্মকর্তারা কার্যক্রম বন্ধ রেখে জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন।

এ বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিয়ার রহমান বলেন, সরকারি কাজে কোনো গাফিলতি হয়ে থাকলে সে বিষয়টি খতিয়ে দেখা হবে। সেবা কার্যক্রম ব্যাহত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights