থ্রেডস অ্যাপে আসছে ডাইরেক্ট মেসেজিং

থ্রেডস অ্যাপে এবার ডাইরেক্ট মেসেজিং চালু করতে যাচ্ছে মেটা। এই নতুন ফিচার ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে না গিয়ে সরাসরি মেসেজ পাঠাতে ও পেতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে হংকং, থাইল্যান্ডসহ কিছু নির্বাচিত দেশে এই ফিচার চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা এতে আলাদা ইনবক্স পাবেন। তবে মেটা জানিয়েছে, আপাতত এই মেসেজগুলো এনক্রিপ্টেড থাকবে না, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কিছুটা খোলামেলা থাকবে।

২০২৩ সালে ইলন মাস্কের ‘এক্স’ (আগের নাম টুইটার)–এর প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেডস যাত্রা শুরু করে। শুরু থেকেই এর সঙ্গে ইনস্টাগ্রামের সংযোগ ছিল, কারণ মেটা চেয়েছিল ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারীভিত্তি কাজে লাগাতে। লক্ষ্য ছিল—টিকটক, এক্স ও রেডিটের মতো প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দেওয়া।

বর্তমানে থ্রেডসের মাসিক ব্যবহারকারী ৩৫ কোটির বেশি। যদিও মেটা আগেই জানিয়েছিল, ২০২৫ সালের আগে তারা থ্রেডস থেকে বড় অঙ্কের আয় প্রত্যাশা করছে না। তবে থ্রেডসে বিজ্ঞাপন চালু হয়েছে গত এপ্রিলে, এবং এটি এখন বিশ্বের সব যোগ্য বিজ্ঞাপনদাতার জন্য উন্মুক্ত।

গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থ্রেডসের মাসিক ব্যবহারকারী সংখ্যা আগামী বছর ১৭.৫ শতাংশ বেড়ে দাঁড়াবে ৬ কোটি ৫ লাখে। বিপরীতে, এক্সের ব্যবহারকারী সংখ্যা ১৪.৪ শতাংশ কমে দাঁড়াতে পারে ৫ কোটিতে।

বর্তমান কঠোর বাণিজ্যনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিজ্ঞাপনপ্রযুক্তির চাপে, সোশ্যাল মিডিয়াগুলো নিজেদের আরও আকর্ষণীয় করে তুলতে নানা ফিচার আনছে। থ্রেডসের নতুন এই ইনবক্স ফিচার সেই প্রতিযোগিতারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights