দখলে থাকা সরকারি সড়ক উদ্ধার, স্বস্তি ফিরেছে কুড়িগ্রামের হাজারো মানুষের মাঝে

কুড়িগ্রাম প্রতিনিধি || ২৬ মে ২০২৫
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংহাট এলাকায় দীর্ঘ ১২ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি একটি গ্রামীণ সড়ক অবশেষে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে ভীষণ স্বস্তি পেয়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ, যদিও সড়কটির অবস্থা এবং সংস্কার নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমির ভেতর দিয়ে সড়কের চিহ্নমাত্র নেই। প্রশাসনের টাঙানো লাল নিশানা ছাড়া বোঝার উপায় নেই যে, এটি ছিল একটি সরকারি রেকর্ডভুক্ত সড়ক। প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের এই সড়কটি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার দাপটে কেটে কেটে আবাদি জমিতে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীদের ভাষ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা দীর্ঘদিন ধরে সড়কটি দখলে রেখে ভোগ করে আসছিলেন। ক্ষমতার অপব্যবহারে কারোই প্রতিবাদ করার সাহস হয়নি। ফলে সাধারণ মানুষকে চলাচল করতে হতো ফসলি জমির আলপথ বেয়ে—যা ছিল বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির।

স্থানীয় বাসিন্দা মাহফুজার রহমান বলেন, “১২ বছর ধরে যে রাস্তাটার জন্য আমরা কষ্ট করেছি, অবশেষে সেটা প্রশাসনের উদ্যোগে উদ্ধার হয়েছে। এখন দ্রুত মাটি ফেলে সংস্কার করলে আমরা স্বস্তি পাব।”

রহিমা বেগম নামের এক নারী বলেন, “আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারত না। কত কষ্ট করছি! এখন রাস্তা উদ্ধার হইছে, আল্লাহর রহমতে শান্তি পাইছি। শুধু চাই সরকার যেন রাস্তাটায় মাটি ফেলে ঠিকঠাক করে দেয়।”

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি রেকর্ডভুক্ত সড়কটি উদ্ধার করা হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতেই আমাদের এই উদ্যোগ। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights