দাদীকে হত্যা করে বুকের উপর বসে ছিল নাতি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রশিয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

রশিয়া বেগম উপজেলার বলরামপুর গ্রামের মনির উদ্দিন মণ্ডলের স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত নিহতের নাতি আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক মান্নান সময়ে সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘটনার দিন বিকাল থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে মা-বাবাসহ বাড়ির লোকদের উপর চড়াও হন। তার আচরণে ভীত হয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যায় স্বজনরা। রাতে তিনি সবাইকে বাড়িতে ডেকে আনেন। পরে রাত আড়াইটার দিকে দাদীর শোবার ঘরের দরজা ভেঙে তাকে ধরে উঠানে নিয়ে উপর্যপুরি হাতুড়িপেটা করেন। এ সময় তাকে প্লায়ার ও কুর্নি দিয়েও দেহের বিভিন্ন স্থানে আঘাত করেন আব্দুল মান্নান।

আব্দুল মান্নানের বাবা ও নিহতের ছেলে ফজলুর রহমান বলেন, দিনের বেলায় ছেলের অস্বাভাবিক আচরণে তারা বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান। পরে রাতে ছেলে তাদেরকে ডেকে আনে। তিনি ও তার স্ত্রী ছেলের ভয়ে বাড়িতে না ঘুমিয়ে রাস্তায় হেটে বেড়াচ্ছিলেন। মায়ের চিৎকারে বাড়িতে গিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকেও মারতে তাড়া করে। পরে ভয়ে তারা দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে খবর দেন।

তিনি আরও জানান, মাকে হত্যা করে তার বুকের উপর বসে ছিল মান্নান।

তিনি দাবি করেন, তার ছেলে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে সবাইকে মারতে উদ্যত হয়। তবে দুই একদিন পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এর আগেও একবার সে মানসিক ভারসাম্য হারিয়েছিল।

হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, হত্যাকারী ও নিহত নারী সম্পর্কে দাদী-নাতি। মানসিক ভারসাম্য হারিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights