দিনাজপুরের বীরগঞ্জে ৪ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার: একজন গ্রেফতার

আব্দুস সালাম, দিনাজপু প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভারত পাচারকালে
প্রায় ৪ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি)
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম ও
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের
অজুর্নাহার গ্রামে জনৈক মো. খোরশেদ আলমের বসতবাড়ির আঙিনায় অভিযান চালানো
হয়। অভিযানে মৃত আবেদ আলীর ছেলে মো. আক্কাছ আলীকে (৫২) গ্রেফতার করা হয়। তার
স্বীকারোক্তি অনুযায়ী, ওই বাড়ির লাউ গাছের মাচার নিচে ৮ ইঞ্চি মাটি খনন করে ৩৯৫
কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৬৬ ইঞ্চি ও প্রস্থ ৩০ ইঞ্চি।
মূর্তিতে সরস্বতী ও লক্ষ্মীর খোদাইসহ মোট ১৩টি ছোট মূর্তির চিত্র রয়েছে।
র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৯৫
লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত অপর একজন পলাতক রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে
মূর্তি চোরাচালানের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এসব
মূর্তি বিদেশে পাচার করত।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার
হওয়া মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে ধরতে
অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights