দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

দিনাজপুর প্রতিনিধি:

প্রায় ২০১ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা শুরু হয়েছে। পক্ষকালব্যাপী এই মেলাকে কেন্দ্রে করে দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই বেশি বেচাকেনা হয়। তাই এ মেলা বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামে দেশব্যাপী পরিচিত।

মেলা উপলক্ষে আগত ঘোড়া ব্যবসায়ীদের ঘোড়ার অংশগ্রহণে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন স্থান থেকে ছুঁটে আসেন নানাবয়সী দর্শনার্থী-ক্রেতা। দর্শনার্থীদের মধ্যে পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ নারীদের উপস্থিতি লক্ষনীয়। এছাড়াও মেলায় বসেছে গ্রামীণ মেলাসহ বিভিন্ন খাবারের দোকান। মেলাকে কেন্দ্র করে হরেকরকম দোকানপাট বসেছে। মেলায় বিনোদনের জন্য সার্কাস, দোলনাসহ নাগর দোলা বসেছে। মেলা শুরুর আগেই এখানে ঘোড়া বেচাকেনার জন্য চলে আসে।
জানা যায়, প্রতি বাংলা বছরের ৯-১০বৈশাখ থেকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে এই ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। ১৩ বৈশাখ ঘোড়াসহ গবাদিপশু বেচাকেনার জন্য মেলার ছাপা (রশিদ) বের হয়। মেলাটি অন্তত ১৫ দিন স্থায়ী হয়।

শনিবার ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে পক্ষকালব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
মেলা কমিটির সভাপতি শিক্ষক মো. আফতাবুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল।
বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিরা ঘোড়ার মেলার উদ্বোধন করেন তারা। এরপরই ঘোড়া বেচাকেনার জন্য ছাপা (রসিদ) বের হয়। ঘোড়ার এ মেলায় বসেছে গ্রামীণ মেলাসহ বিভিন্ন খাওয়ার দোকান। মেলায় আগত ঘোড়া ব্যবসায়ীদের ঘোড়ার অংশগ্রহণে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী থেকে ঘোড়া নিয়ে এ মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ী আব্দুর রহিম, জহুরুল ইসলাম ও সামিউল ইসলাম। তারা বলেন, ছোটবড় মিলিয়ে ১৪টি ঘোড়া নিয়ে বুড়া চিন্তামন ঘোড়ার মেলায় এসেছেন। এগুলোর দাম ৭-২০হাজার টাকা। এর মধ্যে ২-১ হাজার টাকা কমবেশি হতে পারে। সারাবছর দেশের বিভিন্নস্থানের ঘোড়ার মেলায় ঘোড়া নিয়ে যান তারা। ঘোড়া বেচাকেনা করেই তারা জীবন-জীবিকা নির্বাহ করেন। মেলায় এবার ঘোড়ার ক্রেতার অভাব রয়েছে, এজন্য বেচাবিক্রিও কম হচ্ছে।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সদরের বাসিন্দা ঘোড়া ব্যবসায়ী শামসুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় বিক্রির জন্য ছোটবড় ৭টি ঘোড়া এনেছেন। আকার ভেদে ৭টি ঘোড়ার দাম ৭-৩০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ৫-২০ হাজার টাকার মধ্যে দাম বলছেন, তাই এখন পর্যন্ত একটি ঘোড়াও বিক্রি হয়নি। ১৯৯০ সাল থেকে এই মেলায় ঘোড়া বেচাবিক্রি করি। তবে এ বছর ঘোড়ার বেচাবিক্রি কম।

ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা।দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন।মেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা নজরদারি রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights