দিনাজপুরে গণঅধিকার পরিষদ: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নুরুল হক নুর

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

শনিবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর স্থানীয় ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা এক গণসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন এবং দখল থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে মাফিয়া ও দুর্বৃত্তদের কোনো স্থান হবে না। তিনি দেশের ৫০ বছরের পুরোনো রাজনৈতিক ধারা, দুর্নীতি ও লুটপাটের পথ পরিহারের আহ্বান জানান।

কৃষিপ্রধান দিনাজপুরসহ উত্তরাঞ্চলের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালুর উপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, “দিনাজপুরে একটি চিনিকল ছিল, আজকে সেটি বন্ধ হয়েছে। রংপুরসহ কুষ্টিয়ায় চিনিকল ছিল, আমাদের পাটশিল্প ছিল, বিদেশি ষড়যন্ত্রে দেশকে পঙ্গু করার জন্য এগুলো বন্ধ করা হয়েছিল।”

তিনি তরুণদের প্রতিনিধি হিসেবে নতুন রাজনৈতিক দল হিসেবে এই চিনি শিল্পগুলোকে বাঁচানো, বন্ধ কলকারখানা আবার চালু করা এবং পুনরায় পাট শিল্পগুলোকে চালু করার পক্ষে মত দেন।

কৃষকদের স্বার্থরক্ষার বিষয়ে তিনি বলেন, “কৃষি পাটপ্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থরক্ষায় পরিকল্পিতভাবে কৃষিনীতি প্রনয়ণ করতে হবে। কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষিত তরুণদের জন্য কিভাবে নতুন কর্মসংস্থান করা যায়, কিভাবে শিল্পঅঞ্চল গড়ে তোলা যায়, অর্থনৈতিক জোন গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা নিয়েই আমাদেরকে আগাতে হবে।” এছাড়া তিনি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজমের সঞ্চালনায় এই গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ। প্রচার প্রচারনা সহসম্পাদক সোহাগ হোসেন। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন।

এছাড়াও গণসমাবেশে পোজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেত দিহান, গণঅধিকার পরিষদের নেতা মোঃ শাহজাহান, হাজী মোঃ কামাল হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights