দিনাজপুরে ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

দিনাজপুর প্রতিনিধি:

চলতি বর্ষা মৌসুমে দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে ভাঙন দেখা দেওয়ায় নদীপাড়ের স্থানীয়রা চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। ভারী বৃষ্টিতে নদীর পানির প্রবাহ ও স্রোত অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়োগপুর ইউপির শ্রীপুর উত্তরপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এখন বিলীন হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

ইতোমধ্যে বাঁধের একটি অংশ এবং সড়কের কিছু অংশ নদী গর্ভে তলিয়েছে। প্রতিদিনই নতুন নতুন অংশ ভেঙে পড়ছে, আর এই কারণে চরম উদ্বেগ ও আতঙ্কে আছে নদীপাড়ের শত শত মানুষ। এদিকে ভাঙনের অবস্থা দেখতে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সেখানকার প্রকৃত অবস্থা জানতে ওই এলাকা পরিদর্শন করেছে এবং জরুরি ভাবে কিছু ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, কয়েক দিন আগেও যেখানে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতো, কৃষকরা তাদের উৎপাদিত ধান, ভুট্টা, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিয়ে যেতো, আজ সেখানে ভাঙনের কারণে চলাচলই অনিশ্চিত হয়ে পড়েছে। নদীর তীব্র স্রোত বাঁধের নিচের মাটি কেটে নিয়ে যাওয়ায় বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় আরও বড় অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীরা বলছে, এখনই ব্যবস্থা না নেওয়া হলে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, ভাঙনের হুমকির মুখে নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা পড়বে। তাদের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে অনেক পরিবার গৃহহীন হওয়ার পাশাপাশি জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তারা বলছেন, সাময়িকভাবে বালুর বস্তা বা জিওব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ছাড়া এই সমস্যা থেকে স্থায়ী সমাধান সম্ভব নয়। ভাঙনের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন।

পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, এরই মধ্যে ভাঙনের স্থান পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights