দিনাজপুর রেলওয়ের এ.ই.এন কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা (এ.ই.এন) নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে
শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার কিছু কার্যক্রম রেলওয়ের সুনাম
ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে।
অভিযোগ উঠেছে, তিনি অস্থায়ী শ্রমিক নিয়োগ এবং ছাঁটাইয়ের সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন,
যা রেলওয়ের প্রতিষ্ঠিত নিয়ম ও বিধি-বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর মধ্যে, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
তারিখে শহিদুল ইসলাম নামক একজন অভিজ্ঞ কর্মীকে ছাঁটাই করে অষ্টম শ্রেণি পাস নূর হাবিব নামক
একজন অযোগ্য কর্মীকে (অস্থায়ী ট্রলিম্যান) নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন, অভিযোগ উঠেছে যে, নারায়ণ প্রসাদ সরকার শ্রমিক
নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের নামে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। তার এই কর্মকাণ্ড রেলওয়ের
কর্মপরিবেশ ও শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগকারীদের দাবি।
শ্রমিকরা নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা দুর্নীতি দমন
কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের এর মাধ্যমে তার কার্যক্রম তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ.ই.এন) নারায়ণ প্রসাদ শ্রমিক ছাঁটাই ও স্থাপন
প্রসঙ্গে মন্তব্য করে বলেন, তারা সরাসরি এসব সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও জানান,শহিদুল ইসলামের
বিরুদ্ধে নৈতিক ও শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ছিল, তাই আমি তাকে বরখাস্ত করেছি।
তবে, বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী কোনো
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কার্যালয় লালমনিরহাট ঊর্ধ্বতন কর্মকর্তার
অনুমতি প্রয়োজন। তাদের অনুমোদন ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য
পাওয়া যায়নি। রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (ডি.আর.এম) এবং ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ডি.ই.এন)-
লালমনিরহাট কর্মকর্তারা ফোনে যোগাযোগের বাইরে ছিলেন।
রেলপড়ায় গুঞ্জন চলছে যে, রেলওয়ে বিভাগ এখন এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে, তা দেখার বিষয়।
শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা না নিলে এটি রেলওয়ের শৃঙ্খলা ও কার্যক্রমে দীর্ঘমেয়াদী
প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
