দুই মেট্রো স্টেশনের বাণিজ্যিক স্পেস ভাড়া দিতে বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

মেট্রোরেল স্টেশনে এবার যাত্রীসেবার পাশাপাশি বাণিজ্যিক ব্যবহার করতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

ডিএমটিসিএল জানিয়েছে, এমআরটি লাইন-৬-এর ১৬টি স্টেশনের মধ্যে শুধু ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন তিন তলাবিশিষ্ট। এ দুটি স্টেশনের দ্বিতীয় তলায় প্রায় ২৫ হাজার বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। ভাড়া নিতে আগ্রহী প্রতিষ্ঠান শপিংমল, ডেইলি শপ, ব্যাংক বা অফিস কিংবা অন্য কোনো কাজে মেট্রো স্টেশনের সংশ্লিষ্ট ফ্লোর ব্যবহার করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হবে। ভাড়ার প্রস্তাব বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কের ভাড়ার সমান বা বেশি হতে হবে। ইজারা মেয়াদ ১০ বছর, যা নবায়নযোগ্য নয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দুটি বড় স্পেস রয়েছে, প্রতিটির আয়তন প্রায় ২৫ হাজার বর্গফুট। অন্যদিকে লাইন-৬-এর বাকি স্টেশনগুলোতে গড়ে ১৫০ বর্গফুট আয়তনের তিন-চারটি ছোট কক্ষ রয়েছে, যা ভিন্ন ধরনের ব্যবসার জন্য উপযোগী।

তিনি বলেন, প্রথমে বড় স্পেস ভাড়া দেওয়া হবে, এরপর ছোট কক্ষগুলো ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights