দেড় বছর পর উড়ল ফ্লাইদুবাই ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

এক বছর সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম-দুবাই রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে ফ্লাইদুবাই এয়ারলাইন্স। বুধবার দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে এবং অপর একটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। এয়ারলাইন্সটি এখন থেকে এ রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল গত রাতে বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানান, ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই সর্বশেষ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ এক বছর সাত মাস এয়ারলাইনসটি নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখে।

ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিতভাবে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তারই অংশ হিসেবে বুধবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে শাহ আমানতে একটি ফ্লাইট অবতরণ করে এবং সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হয়।

সূত্রটি আরও জানান, এয়ারলাইন্সটি ফের কার্যক্রম শুরু করায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে আগমনী ও বহির্গমন মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights