দেবিদ্বার উপজেলার যুবলীগ নেতা রুহুল কারাগারে
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক সেবন করতে গিয়ে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একাধিক মামলার আসামি এই নেতাকে আদালতে সোপর্দ করে দেবিদ্বার থানা-পুলিশ।
রুহুল আমিন (৩৪) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাফরগঞ্জ বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। মাদক সেবন যাওয়ায় গ্রেফতার হওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ব্রাহ্মণপাড়া ওসি ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়েছিল। সে এখানে মাদক সেবন করতে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা রয়েছে। এরপর সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বৃহস্পতিবার সকালে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার যুবলীগ নেতা রুবেলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
