দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
দেশপ্রেমের অনন্য উদাহরণ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন খাতে শহীদ জিয়ার অবদান আজও স্মরণীয়।
শুক্রবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েট বডিগুলোর মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় সাড়ে তিন বছর থাকাকালে দেশের বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দেশপ্রেম কত বড় বিষয় তার বড় প্রমাণ জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, পালিয়ে যাননি বা আত্মসমর্পণ করেননি। যুদ্ধ শেষে দায়িত্বে ফিরে গিয়ে পেশাগত শৃঙ্খলার উদাহরণ স্থাপন করেন।
মন্ত্রী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ছিল। পরবর্তীতে তা পুনরায় চালু করা হয়। দেশের অর্থনীতি কৃষি, তৈরি পোশাক খাত ও প্রবাসী আয়ের ওপর দাঁড়িয়ে আছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আধুনিক কৃষির রূপকার এবং গার্মেন্টস শিল্পের সূচনাকারী হিসেবে শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দেশে তৈরি পোশাক শিল্পের ভিত্তি গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল, যার সুফল হিসেবে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। প্রশাসনে শৃঙ্খলাবোধ তৈরিতেও তার ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।
ডা. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আকতারুজ্জামান মিয়া এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
