দেশের জন্য জীবন দিতে নিবন্ধন করেছেন ১ কোটি ৪০ লাখ ইরানি: মাসুদ পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি এক বক্তব্যে বলেন, “১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নেতৃত্ব দেশবাসীর মধ্যে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে এসেছে।

এদিকে ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলে ‘জীবন ঝুঁকিতে পড়তে পারে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, “ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা—আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত সারাদেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।”

এতে আরও বলা হয়, “ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।” সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, এক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights