দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন আর কোন স্বৈরাচারের আর্বিভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।’

রবিবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরে নৈরাজ্যবিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত পাঁচটি পথসভায় তিনি এসব কথা বলেন। সন্ত্রাস, চাঁদাবাজ, দখল নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না। কোন ব্যবসায়ী কোন চাঁদাবাজকে চাঁদা দিবে না। যদি কেউ চাঁদা চায় তাকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দিবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না।’
তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ আজ ভালো থাকুক। শান্তিতে থাকুক। মানুষের শান্তিই আমাদের কাম্য।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা- গণতন্ত্র-ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের যে চাওয়া- একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এটাই আমাদের মূল লক্ষ্য।’

পথ সভায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights