ধানের শীষ পেতে চান পাঁচজন, অন্যরা মাঠে
আল-মামুন সাগর, কুষ্টিয়া
ভারত সীমান্তঘেঁষা কুষ্টিয়া-১ আসন (দৌলতপুর) থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান পাঁচজন। তারা হলেন, বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শহিদুল ইসলাম সরকার মঙ্গল, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী দৌলতপুর উপজেলা আমির মাওলানা বেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা শরীফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আসাদুজ্জামান, বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাচ্ছুম ও গণঅধিকার পরিষদ থেকে জেলার সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ ভোটযুদ্ধে নামবেন। সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, এ আসনে এবার বিএনপির জয়-পরাজয় নির্ভর করছে প্রার্থী নির্বাচনের ওপর। এটি সঠিক হলে নিশ্চিত এবারও এ আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শহিদুল ইসলাম সরকার মঙ্গল বলেন, দুয়েকজন দলটাকে বাপ-দাদার তালুকদারি ভাবছে। এতটুকু বলতে পারি, অন্য নেতার মতো সুনাম না থাকলেও আমার নামে কোনো বদনাম নেই। উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন বলেন, বিএনপির দ্বন্দ্বের কারণে জামায়াতের অবস্থান সৃদৃঢ় হচ্ছে। মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমিনুল ইসলাম বলেন, সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। নির্বাচনে ভালো ফলাফল হবে বলে আশাবাদী।
