ধেয়ে আসতে পারে ইরানের দুই হাজার ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের বিশাল সামরিক মহড়া

অনলাইন ডেস্ক

ইসরায়েলি শহরগুলোতে ইরানের সম্ভাব্য দুই হাজার মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম মারিভের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল দেশটির হোম ফ্রন্ট কমান্ডের সবচাইতে বড় মহড়া।

মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের কৌশল ঝালিয়ে নেওয়া হয়।

তেল আবিবের দক্ষিণে জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা ও কমান্ডার অংশ নেন। রাত ২টা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোম ফ্রন্ট কমান্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

যদিও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘাতের শিক্ষা থেকেই এই প্রস্তুতির আয়োজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দেখছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান উত্তজনা এই মহড়ার গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights