নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি:
স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে এক সাথে ১৭৫ জন শিল্পীর কণ্ঠে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ‘হাতেখড়ি নওগাঁ’ নামে একটি সংগঠন এ আয়োজন করে। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁয় প্রথমবারের মতো একসাথে এতোজন শিল্পী নিয়ে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত হয়েছে। এটি অভুতপুর্ব। আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ‘হাতে খড়ি’ সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে চলেছে তা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এবং স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে তাদের কাজ অব্যাহত রাখে এই আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যর সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন বক্তব্য রাখেন।
সন্ধ্যায় একই মঞ্চে এক সাথে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে আবৃত্তি, গান এবং নাচ পরিবেশন করা হয়। যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
