নানা আয়োজনে বশেমুরকৃবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে প্রশাসন চত্ত্বর থেকে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বিভিন্ন আবাসিক হল, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া তাঁর বক্তব্য রাখেন।
আলোচনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ওহিদুজ্জামান, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান প্রমুখ।
জন্মদিনের অন্যান্য অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু’র জীবনীর উপর আলোকচিত্র প্রদর্শন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
