নানা সংকট নিয়ে শুরু আখ মাড়াই মৌসুম

আলী রিয়াজ

লোকসান, পুরোনো যন্ত্রপাতি, আখের সংকট ও উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের বিশাল ব্যবধান-এমন নানা সংকট নিয়েই নতুন আখ মাড়াই মৌসুম শুরু করছে দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো। সরকার আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৯টি চালু চিনিকলে মাড়াই কার্যক্রম শুরুর সময়সীমা নির্ধারণ করেছে। ইতোমধ্যে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলসে মাড়াই শুরু হয়েছে। তবে উৎপাদন সক্ষমতার তুলনায় আখের সরবরাহ কম এবং চিনি আহরণের হার (রিকভারি রেট) নিম্নমুখী থাকায় চিনিশিল্পের লোকসান কাটিয়ে ওঠা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জানান, নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস ইতোমধ্যে প্রায় ৪০০ টন আখ মাড়াই করেছে। আগামী ১৩ নভেম্বর নাটোর ও রাজশাহী সুগার মিলসে মাড়াই শুরু হবে।

শিল্প মন্ত্রণালয়ের ২ নভেম্বরের গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭ নভেম্বর জামালপুরের জিল বাংলা সুগার মিলস এবং ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও সুগার মিলসে মাড়াই শুরু হবে। বাকি চারটি-জয়পুরহাট সুগার মিলস, চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি, ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলস এবং ফরিদপুর সুগার মিলসে ১৮ ডিসেম্বর থেকে মাড়াই শুরু হওয়ার কথা রয়েছে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৪ সালের আগস্টে নির্ধারিত মাড়াই সূচি প্রতিস্থাপন করা হয়েছে। বিএসএফআইসি চেয়ারম্যান জানান, চিনিকলগুলোর মাড়াই ও চিনি উৎপাদন পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। মৌসুমের শুরুতে চিনি আহরণের হার প্রায় ৫ শতাংশ থাকলেও মাড়াই এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা ৬ শতাংশ বা তার বেশি করার লক্ষ্য রয়েছে। এজন্য কারিগরি সমস্যা চিহ্নিত করে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চিনিকলগুলোতে পরিষ্কার ও উন্নত মানের আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উন্নত জাতের আখ পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। মধুখালী ও নাটোরে এসব জাতের আখের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। ফলাফল সন্তোষজনক হলে অন্য এলাকাতেও তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

তবে চিনিশিল্পের আর্থিক চিত্র এখনো উদ্বেগজনক। বিএসএফআইসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে করপোরেশনের সামগ্রিক লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫০৮ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে ৪৬ কোটি ১২ লাখ টাকা। এই লোকসানের হিসাব শুধু ৯টি চালু চিনিকলের নয়, করপোরেশনের অন্যান্য প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত। ৯টি চিনিকলের মধ্যে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড মুনাফা করতে পেরেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৯৭ কোটি ৮ লাখ টাকা।

চিনিশিল্পের সংকটের সবচেয়ে বড় চিত্র উঠে এসেছে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধানে। প্রতিবেদন অনুযায়ী, সুদসহ প্রতি কেজি চিনি উৎপাদনে ব্যয় হয়েছে ২৬০ টাকা ১৪ পয়সা। সুদ বাদেও উৎপাদন ব্যয় ১৮১ টাকা ৭৩ পয়সা। অথচ সরকার নির্ধারিত বিক্রয়মূল্য প্রতি কেজি ১২৫ টাকা। ফলে সুদ বাদে হিসাব করলেও প্রতি কেজি চিনিতে উৎপাদন ব্যয় বিক্রয়মূল্যের চেয়ে ৫৬ টাকা ৭৩ পয়সা বেশি। সুদসহ এই ব্যবধান দাঁড়ায় ১৩৫ টাকা ১৪ পয়সা। উৎপাদনের পরিমাণও দেশের চাহিদার তুলনায় অত্যন্ত কম। ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে ৮ লাখ ৩৯ হাজার ২১১ টন আখ মাড়াই করে মাত্র ৪৬ হাজার ১৮৭ টন চিনি উৎপাদন করা হয়েছে। অথচ দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। সে হিসাবে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর উৎপাদন দেশের মোট চাহিদার মাত্র ২ দশমিক ৩ শতাংশের মতো। বাকি চাহিদা মূলত আমদানি ও বেসরকারি খাতের উৎপাদনের মাধ্যমে পূরণ করতে হয়।

অবশ্য আগের অর্থবছরের তুলনায় চিনি আহরণের হার কিছুটা বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে গড় রিকভারি রেট ছিল ৫ দশমিক ০৭ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৫ দশমিক ৫০ শতাংশ হয়েছে। তবে শিল্পটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে এই উন্নতি যথেষ্ট নয়। বিএসএফআইসির মূল্যায়নে, চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতার তুলনায় পর্যাপ্ত আখ না পাওয়া এবং পুরোনো কারখানা ও যন্ত্রপাতির কারণে উৎপাদন দক্ষতা কমে যাওয়া লোকসানের অন্যতম কারণ। করপোরেশনের মোট ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি ২০২০-২১ অর্থবছর থেকে বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বলছে, শুধু মাড়াই মৌসুমের সময়সূচি নির্ধারণ কিংবা উৎপাদন বাড়ানোর উদ্যোগ দিয়ে চিনিশিল্পের দীর্ঘদিনের সংকট কাটানো কঠিন। উৎপাদন ব্যয় কমানো, আধুনিক যন্ত্রপাতি স্থাপন, উন্নত জাতের আখের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বন্ধ চিনিকলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ এবং চালু কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলে রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পের লোকসানের বোঝা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights