নাফ নদীতে ভেসে এলো যুবকের মরদেহ, ১২ দিনে উদ্ধার ৫

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আবারও অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার শাহপরীর দ্বীপে নাফ নদের তীরে জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত ১২ দিনের ব্যবধানে টেকনাফের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

রবিবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবি বিওপির সামনে নাফ নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে নাফ নদীর তীরে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গত ১২ দিনে টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সনজীব জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত যুবকের পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের একটি জার্সি। মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশের ত্বকের রঙ পরিবর্তিত হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা, সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনি একজন হতে পারেন। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

গত ৮ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিনজন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১০ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।

সব মিলিয়ে মাত্র ১২ দিনের ব্যবধানে টেকনাফের সীমান্ত উপকূল ও নাফ নদী থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে ও হিমছড়ি উপকূল থেকেও আরও দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights