নারী বিশ্বকাপে দর্শক বেড়েছে ৩০ শতাংশ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এবারের নারী বিশ্বকাপ অনেকাংশেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ২০১৯ সালের তুলনায় এবারের নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে দর্শক উপস্থিতিতি সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা থেকে প্রকাশিত ডাটা অনুযায়ী গ্রুপ পর্বে ৪৮ ম্যাচে এ পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৩৯ সমর্থক মাঠে উপস্থিত ছিল। চার বছর আগে ফ্রান্সের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের তুলনায় যা ২৯ শতাংশ বেশি। এবারের বিশ্বকাপে গড়ে প্রতিদিন ২৫ হাজারের কিছু বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। সাধারণত নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় বেশি দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ডানেডিনে কোস্টারিকার বিরুদ্ধে জাপানের ২-০ গোলের জয়ের ম্যাচটি দেখেছে ৭ হাজারের কম মানুষ। এই ম্যাচটিতে সবচেয়ে বেশি আসন খালি পড়ে ছিল। এ পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে এবারের বিশ্বকাপে। প্রাথমিকভাবে ১.৩ মিলিয়ন টিকিট বিক্রির লক্ষ্য ছিল, যা গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপিকে ফিফা নারী ফুটবল প্রধান সারাই বারেমান বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী ফাইনাল পর্যন্ত ১.৯ মিলিয়ন ভক্ত স্টেডিয়ামের গেটে পা রাখবে। টুর্নামেন্ট এখনো পর্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলছে। অনেক দিক থেকেই যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’
সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights