নিজের রেকর্ড ভাঙায় হৃদয়কে অভিনন্দন জানালেন তামিম

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪৮১ বলে ৩৫০ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড তো হৃদয় গড়েছেনই, সাথে ছিল আরেক রেকর্ডও।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এতদিন ছিলেন তামিম ইকবাল। ২০১৯ সালে মিরপুরে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৩৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন তামিম। দীর্ঘদিন ধরে এই ইনিংসই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস। এবার তাওহীদ হৃদয়ের ৩৫০* রান টপকে গেল তামিমের সেই ইনিংসকে। এমন অর্জনে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল।

বিসিবির সভাপতি ও জাতীয় দলের সাবেক ড্যাশিং এই ওপেনার লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।’

তামিম আরও লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহীদ হৃদয়। দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

৮ উইকেট হারিয়ে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল, পেয়েছে ১৬৪ রানের বড় লিড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights