নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি, ফেসবুকে লাইভ সম্প্রচার

কুমিল্লা প্রতিনিধি

বিধিনিষেধ উপেক্ষা করে কুমিল্লার হোমনায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। একপর্যায়ে ১০টা ১০ মিনিটে টানা আট মিনিট ৫৬ সেকেন্ড তার ব্যক্তিগত ফেসবুক ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে লাইভ সম্প্রচার করা হয়।

লাইভে দেখা গেছে, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। একটি পরীক্ষাকক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের অঙ্গভঙ্গির মাধ্যমে নির্দেশনা দেন। এরপর সেখান থেকে বের হয়ে পাশের কক্ষের দিকে যান। পরে আরেকটি কক্ষে প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে গিয়ে জানতে চান, ‘পরীক্ষা সহজ হইছে নাকি?’

কিছুক্ষণ পর ওই কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষের দিকে যাওয়ার সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এসে সালাম দিয়ে নিজেকে পরিচয় দেন। এ সময় সংসদ সদস্য তাকে ‘আপনি আপনার কাজ করেন’ বলে ইশারায় সরে যেতে বলেন।

পরবর্তী সময়ে তিনি আরও একটি কক্ষের মাঝামাঝি গিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশে পরীক্ষা কেমন হচ্ছে জানতে চান। এভাবে পুরো সময়জুড়ে ৮ মিনিট ৫৬ সেকেন্ড লাইভে থাকতে দেখা যায় তাকে।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘পরীক্ষার হল ঠিকমতো চলছে কি না সেটাও দেখা আমাদের দায়িত্ব। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম।’ সরাসরি লাইভ সম্প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা যে ঠিকমতো চলছে তা অভিভাবকদের দেখানোর জন্য। এতে সমস্যা কিসের?’

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, ‘পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইজ সম্পূর্ণ নিষিদ্ধ। লাইভ সম্প্রচার হয়েছে কি না আমার জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি। যদি কেউ এমন করে থাকে আমরা বিষয়টি কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসককে জানাব। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, ‘নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিবও কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন না।’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, তিনি একজন আইনপ্রণেতা হয়েও আইন ভঙ্গ করেছেন। ছাত্র-ছাত্রীদের মনোযোগ বিঘ্ন হয়েছে। আগামীতে পরীক্ষার হলে যেন কোনো জনপ্রতিনিধি প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থার গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে সংসদ সদস্যরা যেতে পারবেন না। তবে মন্ত্রীর নির্দেশনার পরও সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে পরীক্ষার হল পরিদর্শন এবং ফেসবুকে লাইভ সম্প্রচার করতে দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights