নিরপেক্ষ থাকবে তথ্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; নিরপেক্ষ থাকবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এসব কথা বলেন। এ সময় অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধান তথ্য কমিশনার বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্যমেলার আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলেও জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনে জমে থাকা অভিযোগগুলোর শুনানি শুরু হবে। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে। মানুষের মধ্যে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়ায় অভিযোগের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights