নেত্রকোনায় নিজ ঘরে কৃষকের গলাকাটা মরদেহ, স্ত্রী আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে সদর উপজেলার কালিয়ারা গাবরাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আশরাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনি স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রবিবার ভোরে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। সে সময় তার মুখ, হাত ও পা বাঁধা ছিল।

স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুর পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বেদেনা আক্তারকে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। স্ত্রীর বক্তব্যে অসংগতি পাওয়া যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights