নোয়াখালীতে বন্ধুদের ঈদ আড্ডা, মিলনমেলায় জমজমাট রাত
নোয়াখালী প্রতিনিধি
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোয়াখালীতে নবীন-প্রবীণ বন্ধুদের অংশগ্রহণে আড্ডা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দত্তবাড়ি মোড়ের একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন প্রজন্মের পাঁচ শতাধিক বন্ধু। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের ছেলে আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজনে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পটভূমির বন্ধুরা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা। তারা কলেজ জীবনের স্মৃতিচারণা করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান।
পরে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হতে পেরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ধরনের আয়োজন বন্ধুদের মধ্যে সম্পর্ক জোরদার ও সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক বলে মত দেন অংশগ্রহণকারীরা।
