পঞ্চগড়ে জমে উঠেছে পুরোনো মোটরসাইকেলের হাট
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রতি শুক্রবার বসছে পুরোনো মোটরসাইকেলের হাট। সীমান্তবর্তী এ জেলায় ব্যতিক্রমী এই উদ্যোগে দূর-দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা ভিড় করছেন। দালাল ছাড়াই সরাসরি মোটরসাইকেল কেনাবেচার সুযোগ থাকায় হাটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় হাটের কার্যক্রম। শুরুতে ভিড় কম থাকলেও দুপুরের দিকে শত শত মোটরসাইকেলের সমাগমে মুখর হয়ে ওঠে হাট। আটোয়ারী উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বসা এই হাটে বিভিন্ন জেলা থেকে মানুষ তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আসেন।
হাটের নিয়ম অনুযায়ী, বিক্রেতাদের প্রথমে ৫০ টাকা দিয়ে মোটরসাইকেল নিবন্ধন করতে হয়। এরপর মোটরসাইকেলের সামনে একটি লিফলেট ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে গাড়ির বিবরণ ও বিক্রয়মূল্য উল্লেখ থাকে। ক্রেতারা বিভিন্ন মোটরসাইকেল ঘুরে দেখেন এবং পছন্দ হলে দরদামের মাধ্যমে কেনাবেচা সম্পন্ন হয়।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল বিক্রি করতে আসা সনাতন বড়ুয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হাটের খবর পেয়ে তিনি এখানে এসেছেন। আগে পুরোনো মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে দালালের ওপর নির্ভর করতে হতো। এখন সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারায় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার বাসিন্দা আব্দুর রহিম বলেন, এক জায়গায় অনেক মোটরসাইকেল দেখে বাজেট অনুযায়ী পছন্দের বাইক বেছে নেওয়ার সুযোগ রয়েছে। দালালের ঝামেলাও নেই।
হাটটির প্রধান উদ্যোক্তা আক্তারুজ্জামান পল্লব জানান, মানুষের সুবিধার কথা বিবেচনা করে এবং দালালমুক্ত কেনাবেচার পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাট চালুর আগে কয়েক মাস বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। বর্তমানে এই হাটকে কেন্দ্র করে ১৫ থেকে ১৬ জন বেকার তরুণের কর্মসংস্থান হয়েছে। কেনাবেচা চূড়ান্ত হলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ মিলে ১ হাজার টাকা হাট পরিচালনা ব্যয় হিসেবে পরিশোধ করেন।
তিনি বলেন, প্রতারণামুক্ত পরিবেশে মানুষ যেন সহজে মোটরসাইকেল কিনতে ও বিক্রি করতে পারে, সেটিই ছিল মূল লক্ষ্য। এখন বিভিন্ন জেলা থেকে মানুষ এই হাটে আসছেন, যা উদ্যোগটির সফলতার প্রমাণ।
গত ১২ জুন হাটটির উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী। তিনি বলেন, পুরোনো মোটরসাইকেলের এই হাটের ফলে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যও সচল হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল কেনাবেচার প্রক্রিয়া সহজ হওয়ায় সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন।
