পত্রিকা ও বই পড়ে কাটছে অবসর

নিজস্ব প্রতিবেদক

গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’য় পত্রিকা ও আইনের বই পড়ে অবসর পার করছেন সদ্যপদত্যাগী দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার পদত্যাগের পর রবিবার তিনি বঙ্গভবন থেকে ওই বাসভবনে ওঠেন। বঙ্গভবনের ব্যস্ততা আর রাষ্ট্রীয় প্রটোকল ছেড়ে সাধারণ নাগরিক জীবনের আমেজ এখন তাঁর নতুন ঠিকানা। অবসর জীবনের প্রথম অভিজ্ঞতা তুলে ধরে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘এখন তো আমি একজন পুরোপুরি অবসরপ্রাপ্ত মানুষ। আর অবসর মানেই তো হাতে অফুরন্ত সময়। দীর্ঘদিন রাষ্ট্রীয় নানান দায়িত্ব পালনের পর এখন নিজের মতো করে শান্তিতে সময় কাটানোর সুযোগ পেয়েছি। সকালের শুরুটা হয় দেশিবিদেশি পত্রিকা পড়ে। দিনভর পত্রিকা ও আইনের বই পড়েই মূলত সময়টা পার করছি।’ আইন পেশা ও বিচারব্যবস্থার প্রতি তাঁর দীর্ঘদিনের যে অনুরাগ, অবসরে এসে যেন তা আবারও নতুন রূপ পেয়েছে। পেশাগত জীবনের স্মৃতি স্মরণ করে তিনি জানান, আইনসংক্রান্ত বই পড়া তাঁর পুরোনো অভ্যাস। ব্যস্ততার কারণে এতদিন যা সেভাবে হয়ে ওঠেনি, এখন অবসর সময়ে পুরোনো ও নতুন নানা আইনি নথি, রেফারেন্স ও তত্ত্বভিত্তিক আইনের বই পড়ে মনের খোরাক মেটাচ্ছেন। তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, সকাল-সন্ধ্যা বইয়ের পাতা উল্টে আর দেশবিদেশের খবরাখবরে চোখ রেখেই কেটে যাচ্ছে সদ্যবিদায়ি এই রাষ্ট্রপ্রধানের অবসরের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights