পরিবেশ রক্ষায় প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান এমপি শ্যামলের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পরিবেশ আন্দোলনকে সফল করতে প্রত্যেকে একটি করে গাছ রোপণ করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫, জুনিয়র বৃত্তি, আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল বলেন, জিপিএ-৫ পাওয়া সফলতার শেষ নয়, এটি সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ ও সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং সহপাঠী ও সমবয়সীদের মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ আন্দোলনকে সফল করতে প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করবেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও দেশকে সবুজ-শ্যামল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন, জুনিয়র বৃত্তি ৩৯ জন, প্রাথমিক বৃত্তি ৫৯ জন ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট উপহার দেন।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ওবায়দুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান প্রমুখ।
