পল্টনের আবাসিক হোটেলে অসুস্থ হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে সজিব নামে এক ব্যক্তি রাজু মিয়াকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, রাজুর গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদি আরবপ্রবাসী। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই-তিন দিন আগে পল্টন থানা এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান।

এসআই রাকিবুল আরও জানান, রাজুর মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights