পশ্চিমবঙ্গে ভেঙে ফেলা হচ্ছে অভিষেকের দলীয় কার্যালয়
কলকাতা প্রতিনিধি
বুলডোজার দিয়ে ধাপে ধাপে ভেঙে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জির দলীয় কার্যালয়। গতকাল সকালে ভাঙার কাজ শুরু হয়। এর আগে কার্যালয়টি ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গোটা এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে রাখে। ঘটনা কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ করা যায়। উৎসাহী মানুষ ওই ভবনের চারপাশে জমায়েত হয়। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা-বারুইপুর সড়কে অবস্থিত এ পাঁচ তলা ভবন অবৈধভাবে নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকে দলীয় কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। জানা গেছে, কার্যালয়ের জমিটি ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর নামে নিবন্ধিত। প্রশাসনের দাবি, সংস্থাটির মালিকানা অভিষেক ব্যানার্জির বাবা-মায়ের নামে ছিল। মূলত বেআইনিভাবে নির্মিত এ ভবনটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। প্রয়োজনীয় অনুমতি না নিয়েই বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছিল।
